
নেত্রকোনায় ষাঁড়ের লড়াইয়ের নামে প্রকাশ্যে জুয়ার আসর বসানোর অভিযোগে নগত টাকা ও ১ টি ষাঁড়সহ ১৫ জনকে আটক করেছে পুলিশ। বুধবার ভোরে সদর উপজেলার কান্দুলিয়া কালীবাড়ী এলাকা থেকে তাদের আটক করা হয়।
এ সময় তাদের কাছ থেকে নগদ ২ লাখ ৪৩ হাজার ৬৭০ টাকা, একটি পিকআপ ভ্যান ও লড়াইয়ে ব্যবহৃত একটি ষাঁড় জব্দ করা হয়েছে। পুলিশ সূত্রে জানা যায়: নেত্রকোনা-মোহনগঞ্জ সড়কের পাশে কান্দুলিয়া কালীবাড়ী এলাকায় ষাঁড়ের লড়াইয়ের আয়োজন করে জুয়া খেলা চালাচ্ছিল তারা। ভোর সাড়ে ৪টার দিকে অভিযান চালিয়ে ষাঁড়সহ পিকআপটি জব্দ করে।
সেই সাথে জড়িড ১৫ জনকে আটক করা হয়।
তারা হলেন, নেত্রকোনা জেলা সদরের পশ্চিম উলুয়াটী এলাকার আ. বারেক (৩৭), মো. কাজল মিয়া (৩৫), মো. রহিজ (৪৫), মন্টু রবি দাস (৪৫), পূর্বধলা উপজেলার মো. রাসেল মিয়া (২৬), মো. রাসেল (৪০), মো. শফিকুল (৪৫), মো. বেলাল হোসেন (৪৫), মো. রাব্বী মিয়া (২৫), মো. এনামুল হক (৩০), মো. সুজন মাহমুদ (৩৫), মো. আল আমিন (৪০), আবুল কালাম (৪০), ময়মনসিংহের গৌরিপুর উপজেলার মো. কামাল মিয়া (৫০) ও মো. হারেজ মিয়া (৫০)।
পুলিশের ভাষ্য অনুযায়ী,আটককৃত ব্যক্তিদের দেহ তল্লাশি করে বিভিন্ন অঙ্কের নগদ টাকা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত টাকার পরিমাণ ২ লাখ ৪৩ হাজার ৬৭০ টাকা। এ ঘটনায় নেত্রকোনা মডেল থানায় মামলা হয়েছে। জেলা পুলিশের মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার (বিশেষ শাখা) হাফিজুর রহমান এ তথ্য নিশ্চিত করে বলেন: তাদের আদালতে পাঠানো হয়েছে।