
নেত্রকোনা সদর উপজেলা ৪নং সিংহের বাংলা ইউনিয়নে সরকারি ক্ষতিগ্রস্ত কৃষক তালিকায় ব্যাপক অনিয়ম,স্বজনপ্রীতি ও দলীয়করণের অভিযোগে ব্যাপক হট্টগোল হয়েছে । সম্প্রতি ইউনিয়ন প্রশাসকের নির্দেশক্রমে নোটিশ বোর্ডে ক্ষতিগ্রস্ত কৃষকদের তালিকা টানানোর পর থেকেই পুরো ইউনিয়নজুরে তীব্র সমালোচনা ও ক্ষোভের সৃষ্টি হয়েছে।
অভিযোগ উঠেছে, রাজনৈতিক প্রভাব খাটিয়ে প্রকৃত কৃষকদের সরকারি সহায়তা থেকে বঞ্চিত করে তালিকায় নাম তোলা হয়েছে অকৃষক, ধনাঢ্য ব্যবসায়ী ও রাজনৈতিক নেতাদের। অন্যদিকে, সামাজিক যোগাযোগ মাধ্যমে সমালোচনার জেরে কোনো প্রকার প্রাতিষ্ঠানিক তদন্ত ছাড়াই প্রকৃত ক্ষতিগ্রস্ত কৃষকের নাম তালিকা থেকে বাদ দেওয়ার মতো ঘটনাও ঘটেছে, যা ক্ষোভের আগুনে ঘি ঢেলেছে।
অত্র ইউনিয়ন রুহী গ্রামের মো. জাহিদুল ইসলাম, রাহিমা খাতুন, সুরুজ আলী, লতিফ মিয়াসহ বিভিন্ন গ্রামের কৃষকদের অভিযোগ—কৃষি বিভাগের দায়িত্বপ্রাপ্ত উপ-সহকারী কৃষি কর্মকর্তারা মোজাইদ উল্লাহ সরেজমিনে মাঠে যাননি। তারা স্থানীয় রাজনৈতিক নেতাদের যোগসাজশে অফিসে বসেই এই মনগড়া তালিকা প্রস্তুত করেছেন। ফলে মাঠের প্রকৃত কৃষকেরা বঞ্চিত হয়েছেন এবং নেতারা নিজেদের আত্মীয়-স্বজন ও অকৃষকদের নাম তালিকায় অন্তর্ভুক্ত করার সুযোগ পেয়েছেন।
রায়দুম রুহী গ্রামের ৫ নং ওয়ার্ড কৃষক দলের সাধারণ সম্পাদক ও ভুক্তভোগী কৃষক জাহিদুল ইসলাম ক্ষোভ প্রকাশ করে বলেন: আমি ৫০ শতক জমির সম্পুর্ন ধান পানিতে তলিয়ে গেছে এমনকি আমি বন্যায়- খরায় মাঠে মরেও তালিকায় নাম তুলতে পারি না, আবেদন করেও লাভ হয় না। অথচ যারা কোনোদিন মাঠে যায়নি, ধানের জমি ও তাদের নাম অনায়াসে তালিকায় চলে আসে। এটা আমাদের সাথে চরম অন্যায়।
সচেতন মহলের মতে, শুধু ইউনিয়ন নয়, পুরো উপজেলাজুড়েই চলছে কৃষক তালিকায় স্বজনপ্রীতির মহোৎসব। যাদের নাম তালিকায় থাকার কথা তাদের নাম নেই, আর যারা কৃষক নন, তাদের নাম অনায়াসে যুক্ত হচ্ছে। ভুক্তভোগী ও প্রান্তিক কৃষকদের দাবি, কোনো রাজনৈতিক চাপ বা প্রতিহিংসার বশবর্তী না হয়ে, সম্পূর্ণ নিরপেক্ষভাবে মাঠ পর্যায়ে পুনরায় তদন্ত করা হোক। অকৃষক ও প্রভাবশালীদের অনতিবিলম্বে বাদ দিয়ে প্রকৃত ক্ষতিগ্রস্ত কৃষকদের তালিকায় অন্তর্ভুক্ত করতে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের দ্রুত হস্তক্ষেপ কামনা করেছেন সর্বস্তরের কৃষক সমাজ।
এ বিষয়ে জানতে দায়িত্বপ্রাপ্ত ইউনিয়ন প্রশাসন আব্দুর রহমান বলেন : আমি এই সংশ্লিষ্ট কমিটির আহবায়ক কিন্তু আমি মাঠ পর্যায়ে যাইনি এখানে বি.এন পির নেতাদের সাথে সমন্বয় করেছে কৃষি অফিসার মুজাহিদ উল্লাহ আমি তেমন কিছুই জানি না।