
ডেঙ্গুসহ মশাবাহিত বিভিন্ন রোগ প্রতিরোধে নেত্রকোণায় পরিচ্ছন্নতা অভিযান জোরদার করেছে জেলা প্রশাসন। এ কর্মসূচির অংশ হিসেবে শনিবার (২৭ জুন) সকালে নেত্রকোনা প্রাইমারি টিচার্স ট্রেনিং ইনস্টিটিউট (পিটিআই) প্রাঙ্গণে পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়।
জেলা প্রশাসকের কার্যালয়ের আয়োজনে এবং নেত্রকোনা পৌরসভার সহযোগিতায় প্রতি শনিবার সকাল ১০টায় জেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে এ পরিচ্ছন্নতা কর্মসূচি পরিচালিত হচ্ছে।
পরিচ্ছন্নতা অভিযানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন: নেত্রকোনার জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট খন্দকার মুশফিকুর রহমান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক (উপসচিব) ও নেত্রকোনা পৌরসভার প্রশাসক মো. আরিফুল ইসলাম সরদার
এসময় আরো উপস্থিত ছিলেন: অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মুন মুন জাহান লিজাসহ আরো অনেক কর্মকর্তা
এ সময় জেলা প্রশাসক পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিত করতে নিয়মিত পরিষ্কার-পরিচ্ছন্নতা বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেন। তিনি বলেন: ডেঙ্গুসহ মশাবাহিত রোগ প্রতিরোধে জনসচেতনতার পাশাপাশি প্রত্যেকের নিজ নিজ বাসাবাড়ি, শিক্ষা প্রতিষ্ঠান ও আশপাশের পরিবেশ পরিষ্কার রাখা অত্যন্ত জরুরি।
পরিদর্শনকালে জেলা প্রশাসক পিটিআই-সংলগ্ন পরীক্ষণ বিদ্যালয়ের শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় করেন। তিনি তাদের পড়াশোনায় মনোযোগী হওয়ার আহ্বান জানান এবং নৈতিকতা, শৃঙ্খলা ও পরিচ্ছন্নতার গুরুত্ব সম্পর্কে বিভিন্ন দিকনির্দেশনা প্রদান করেন।
জেলা প্রশাসন জানিয়েছে, ডেঙ্গুসহ মশাবাহিত রোগ প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি এবং পরিষ্কার- পরিচ্ছন্ন পরিবেশ গড়ে তুলতে এ ধরনের অভিযান ধারাবাহিকভাবে জেলার বিভিন্ন স্থানে পরিচালিত হবে।