নেত্রকোনার মোহনগঞ্জে তিন সন্তানের জননী এক নারীকে নিয়ে যাওয়ার অভিযোগে আজব আলী (৩২) নামে এক বিএনপি নেতার বিরুদ্ধে আদালতে মামলা করেছেন ওই নারীর স্বামী। রোববার (২৬ জুলাই) বাদীপক্ষের আইনজীবী অ্যাডভোকেট হুমায়ুন কবির বিষয়টি নিশ্চিত করেছেন।
এর আগে ৬ জুলাই সাজেদ মিয়া আদালতে অভিযোগ দায়ের করেন। অভিযোগটি আমলে নিয়ে আদালত মোহনগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) মামলা রেকর্ড, আসামিকে গ্রেফতার এবং ওই নারীকে উদ্ধারের নির্দেশ দেন।
অভিযুক্ত আজব আলী মোহনগঞ্জ উপজেলার বড়কাশিয়া ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক। তিনি একই ইউনিয়নের মধুপুর গ্রামের বাসিন্দা। তার আগের সংসারেও সন্তান রয়েছে।
মামলার অভিযোগে বলা হয়: প্রায় ১৩ বছর আগে সাজেদ মিয়ার সঙ্গে রাবিয়া আক্তারের বিয়ে হয়। তাদের সংসারে দুই মেয়ে ও এক ছেলে রয়েছে। সর্বকনিষ্ঠ সন্তানের বয়স ১১ মাস। বাবার বাড়ি মধুপুর গ্রামে বেড়াতে গেলে প্রতিবেশী আজব আলী তাকে বিভিন্ন সময় কুপ্রস্তাব দিতেন।
গত ৪ জুলাই দিবাগত রাতে ঘরের বেড়া কেটে রাবিয়াকে জোরপূর্বক তুলে নিয়ে যাওয়া হয়। বাধা দিলে তার বাবা বকুল মিয়াকে হত্যার হুমকি দেওয়া হয় বলেও অভিযোগে উল্লেখ করা হয়েছে। মামলায় আরও অভিযোগ করা হয়েছে, ঘটনার পর থেকে ওই নারীকে অজ্ঞাত স্থানে আটকে রেখে ধর্ষণ করা হচ্ছে।
তবে এসব অভিযোগ অস্বীকার করেছেন আজব আলী। তিনি দাবি করেন: রাবিয়া স্বেচ্ছায় তার সঙ্গে গেছেন এবং তারা বিয়ে করেছেন। এর আগেও দুইবার তিনি তার সঙ্গে চলে এসেছিলেন, পরে পরিবারের সদস্যরা তাকে ফিরিয়ে নিয়ে যান।
রাবিয়া আক্তারও দাবি করেন: তিনি স্বেচ্ছায় আজব আলীর সঙ্গে গেছেন এবং তাকে বিয়ে করেছেন। তিনি বলেন, পরিবারের পক্ষ থেকে ফিরে যাওয়ার জন্য বলা হলেও তিনি রাজি হননি।
এদিকে আজব আলীর দলীয় পরিচয় নিশ্চিত করে বড়কাশিয়া ইউনিয়ন বিএনপির ৯ নম্বর ওয়ার্ডের সভাপতি হবি মিয়া বলেন: ঘটনাটি জানার পর এলাকার ৫০ থেকে ৬০ জন বাসিন্দা তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার আবেদন করেছেন। বিষয়টি দলীয় ঊর্ধ্বতন নেতাদেরও জানানো হয়েছে। বাদীপক্ষের আইনজীবী অ্যাডভোকেট হুমায়ুন কবির বলেন: আদালতের আদেশ মোহনগঞ্জ থানায় পাঠানো হয়েছে।
মোহনগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাফিজুল ইসলাম হারুন বলেন, আদালতের নির্দেশনা এখনো হাতে পৌঁছেনি। নির্দেশনা পাওয়ার পর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
প্রকাশক ও সম্পাদক : মোঃ মেহেদী হাসান, প্রধান উপদেষ্টা সম্পাদক : ম. কিবরিয়া চৌধুরী হেলিম, আইন উপদেষ্টা : এড. রোকন উদ্দিন, বার্তা সম্পাদক : সোহেল খান দূর্জয়, সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় : হাসপাতাল রোড, জয়নগর নেত্রকোনা। প্রয়োজনে : ০১৭৪২১৯৯১১১ ই-মেইল : mdmehedi101995@gmail.com
© ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত, ডেইলি নেত্র নিউজ