নেত্রকোণার পূর্বধলা উপজেলায় উপজেলা পরিষদের হলরুম ও আগিয়া বাজারে হামলা, মারধর, মোটরসাইকেলে অগ্নিসংযোগ, ভাঙচুর ও লুটপাটের অভিযোগে বিএনপির ২৯ নেতাকর্মীর নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও ২০-২৫ জনকে আসামি করে আদালতে মামলা দায়ের করা হয়েছে।
উপজেলার হুগলা ইউনিয়ন জামায়াতের সভাপতি এমদাদুল হক আকন্দ গত ১৬ জুন বাদী হয়ে নেত্রকোনা পূর্বধলা আমলী আদালতে মামলাটি দায়ের করেন। আদালত অভিযোগটি আমলে নিয়ে পূর্বধলা থানাকে তদন্তপূর্বক প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন।
মামলার আরজিতে বলা হয়েছে, গত ২০ মে পূর্বধলা উপজেলা পরিষদের হলরুমে কোরবানির পশুর হাটের ইজারা সংক্রান্ত ডাক চলাকালে প্রথম দফায় হামলার ঘটনা ঘটে। এ সময় আসামিরা সংঘবদ্ধভাবে হামলা চালিয়ে কয়েকজনকে মারধর করে আহত করেন বলে অভিযোগ করা হয়েছে।
আরও উল্লেখ করা হয়, একই দিন বিকেলে আগিয়া বাজার এলাকায় দ্বিতীয় দফায় হামলা চালানো হয়। এতে কয়েকজন আহত হন। আহতদের মধ্যে একজনকে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহে নেওয়া হয় বলেও মামলায় দাবি করা হয়েছে।
বাদীপক্ষের অভিযোগ অনুযায়ী, হামলার সময় কয়েকটি দোকানপাটে ভাঙচুর, লুটপাট এবং একটি মোটরসাইকেলে অগ্নিসংযোগের ঘটনাও ঘটে। এসব ঘটনায় ব্যাপক আর্থিক ক্ষয়ক্ষতি হয়েছে বলে মামলায় উল্লেখ করা হয়েছে।
এ মামলায় উপজেলা বিএনপি ও এর অঙ্গসংগঠনের কয়েকজন নেতাকর্মীর নাম উল্লেখ করা হয়েছে। পাশাপাশি অজ্ঞাতনামা আরও ২০ থেকে ২৫ জনকে আসামি করা হয়েছে। পূর্বধলা থানা সূত্রে জানা গেছে: আদালতের নির্দেশনা অনুযায়ী অভিযোগের বিষয়ে তদন্ত কার্যক্রম পরিচালনা করা হবে। তদন্ত শেষে প্রতিবেদন আদালতে দাখিল করা হবে।
প্রকাশক ও সম্পাদক : মোঃ মেহেদী হাসান, প্রধান উপদেষ্টা সম্পাদক : ম. কিবরিয়া চৌধুরী হেলিম, আইন উপদেষ্টা : এড. রোকন উদ্দিন, বার্তা সম্পাদক : সোহেল খান দূর্জয়, সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় : হাসপাতাল রোড, জয়নগর নেত্রকোনা। প্রয়োজনে : ০১৭৪২১৯৯১১১ ই-মেইল : mdmehedi101995@gmail.com
© ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত, ডেইলি নেত্র নিউজ