ধর্ষণের কারণে ১০ বছরের শিশু অন্তঃসত্ত্বা হয়ে পড়ার অভিযোগে করা মামলার আসামি স্বেচ্ছাসেবক দলের নেতা মো. মহন তালুকদারকে বহিষ্কার করা হয়েছে। গত বুধবার সকালে নেত্রকোনার মোহনগঞ্জ পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো. রফিকুল ইসলাম ও সদস্যসচিব নাজমুল হুদা খান স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
অভিযোগ সূত্রে জানা গেছে: অভিযুক্ত মহন তালুকদার মোহনগঞ্জ পৌর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক ছিলেন। গতকাল মঙ্গলবার রাতে সংগঠনের জরুরি সভা ডেকে দলীয় শৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকার সুস্পষ্ট অভিযোগের ভিত্তিতে তাকে বহিষ্কারের সিদ্ধান্ত হয়।
দলীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, ভুক্তভোগী শিশুর বাবা জীবিকার জন্য দেশের বিভিন্ন এলাকায় দিনমজুরের কাজ করেন। মা গৃহকর্মীর কাজ করেন। গত বছরের ডিসেম্বরে শিশুটির মা কাজের জন্য বাইরে গেলে মহন ঘরে ঢুকে শিশুটিকে ধর্ষণ করেন। মামলার অভিযোগে উল্লেখ করা হয়, ধর্ষণের বিষয়টি কাউকে জানালে শিশুটিকে হত্যার হুমকি দেন মহন তালুকদার। ভয়ে শিশুটি ঘটনাটি কাউকে বলেনি।
গত ১২ মার্চ শিশুটি অসুস্থ বোধ করে এবং তার মধ্যে শারীরিক পরিবর্তন দেখা যায়। মা মেয়েকে জিজ্ঞাসাবাদ করলে সে ঘটনা খুলে বলে। পরদিন ক্লিনিকে নিয়ে পরীক্ষা-নিরীক্ষা শেষে চিকিৎসক জানান, শিশুটি অন্তঃসত্ত্বা।
এ ঘটনায় শিশুটির মা বাদী হয়ে গত ২৮ এপ্রিল আদালতে মামলার আবেদন করেন। শুনানি শেষে আদালত থানা-পুলিশকে অভিযোগটি মামলা হিসেবে নিতে নির্দেশ দেন। পরে ২ মে থানায় মামলা রেকর্ড করা হয়। কিন্তু পুলিশ এখনো আসামিকে গ্রেফতার করতে পারেনি।
এ নিয়ে গতকাল বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হয়। এরপর গতকাল রাতে পৌর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়কের পদ থেকে তাকে বহিষ্কার করা হয়।
শিশুটির মা বলেন: আমার মেয়েটা ছোট মানুষ। কিছুই বোঝে না। মহন তার জীবনটা নষ্ট করে দিছে। আমি তার দৃষ্টান্তমূলক শাস্তি চাই।
মোহনগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুল ইসলাম বলেন : আসামিকে গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত আছে। দ্রুত তাকে গ্রেপ্তার করা হবে।
প্রকাশক ও সম্পাদক : মোঃ মেহেদী হাসান, প্রধান উপদেষ্টা সম্পাদক : ম. কিবরিয়া চৌধুরী হেলিম, আইন উপদেষ্টা : এড. রোকন উদ্দিন, বার্তা সম্পাদক : সোহেল খান দূর্জয়, সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় : হাসপাতাল রোড, জয়নগর নেত্রকোনা। প্রয়োজনে : ০১৭৪২১৯৯১১১ ই-মেইল : mdmehedi101995@gmail.com
© ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত, ডেইলি নেত্র নিউজ