দীর্ঘ ১১ বছর পর উৎসবমুখর পরিবেশে নেত্রকোনা জেলা বিএনপির ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতি পদে ডা. মো. আনোয়ারুল হক এবং সাধারণ সম্পাদক পদে ড. মো. রফিকুল ইসলাম হিলালী নির্বাচিত হয়েছেন।
গত শনিবার সকাল ১১টায় ঐতিহাসিক মোক্তারপাড়া মাঠে জেলা বিএনপি সম্মেলনের আয়োজন করা হয় এতে প্রধান অতিথি হিসেবে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহ উদ্দিন আহমদ সম্মেলনের উদ্বোধন ঘোষণা করেন।
সম্মেলনে সভাপতিত্ব করেন জেলা বিএনপির সদ্য বিলুপ্ত কমিটির আহ্বায়ক অধ্যাপক ডা. মো. আনোয়ারুল হক এবং সঞ্চালনা করেন সদস্য সচিব ড. মোহাম্মদ রফিকুল ইসলাম হিলালী।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন: বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা সৈয়দ আলমগীর, যুগ্ম মহাসচিব হাবিব উন নবী খান সোহেল, ময়মনসিংহ বিভাগের সাংগঠনিক সম্পাদক মো. শরীফুল আলম, আইন বিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়সার কামাল, সহ সাংগঠনিক সম্পাদক এডভোকেট শাহ্ ওয়ারেছ আলী মামুন, সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর, সহ ধর্ম বিষয়ক সম্পাদক এ টি এম আব্দুল বারী ড্যানী, জাতীয় নির্বাহী কমিটির সদস্য এডভোকেট খোরশেদ মিয়া আলম,অধ্যক্ষ রাবেয়া আলী, চৌধুরী আব্দুল্লাহ আল ফারুক, ড. এডভোকেট আরিফা জেসমিন নাহীন, জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক এডভোকেট মাহফুজুল হক এবং জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আবু তাহের তালুকদার।
সম্মেলনে সভাপতি পদে জেলা বিএনপির সদ্য বিলুপ্ত কমিটির আহ্বায়ক অধ্যাপক ডা. মো. আনোয়ারুল হক (ছাতা প্রতীক) এবং জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জি পি এডভোকেট মাহফুজুল হক (চেয়ার প্রতীক) প্রতিদ্বন্দ্বিতা করেন।
সাধারণ সম্পাদক পদে সদস্য সচিব ড. মো. রফিকুল ইসলাম হিলালী (মাছ প্রতীক), যুগ্ম আহ্বায়ক এস এম মনিরুজ্জামান দুদু (ফুটবল প্রতীক) এবং জেলা যুবদলের সাবেক ১নং সিনিয়র সহ সভাপতি মো. আব্দুল্লাহ আল মামুন খান রনি (গরু গাড়ি প্রতীক) প্রতিদ্বন্দ্বিতা করেন।
প্রথম অধিবেশন শেষে দ্বিতীয় অধিবেশনে বিকেল থেকে রাত ৯টা পর্যন্ত ভোটগ্রহণ চলে। জেলা বিএনপির ১০টি উপজেলা ও ৫টি পৌর কমিটির মোট ১,৫১৫ জন কাউন্সিলরদের প্রত্যক্ষ ভোটে সভাপতি পদে ডা. আনোয়ারুল হক এবং সাধারণ সম্পাদক পদে ড. রফিকুল ইসলাম হিলালী নির্বাচিত হন। আগের কমিটিতে তারা দুজনই যথাক্রমে আহ্বায়ক ও সদস্য সচিব ছিলেন।
ফলাফলে অধ্যাপক ডা. মো. আনোয়ারুল হক ১,২৭৫ ভোট পেয়ে সভাপতি পদে নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জি পি এডভোকেট মাহফুজুল হক ২১১ ভোট পান। সাধারণ সম্পাদক পদে ড. রফিকুল ইসলাম হিলালী ৭৪৬ ভোট পেয়ে নির্বাচিত হন।
নিকটতম প্রতিদ্বন্দ্বী আব্দুল্লাহ আল মামুন খান রনি ৭২১ ভোট পান। অপর প্রার্থী এস এম মনিরুজ্জামান দুদু মাত্র ১৮ ভোট পান।
দলীয় সূত্রে জানা গেছে: নেত্রকোণা জেলা বিএনপির সর্বশেষ সম্মেলন হয়েছিল ২০১৪ সালের ২৫ অক্টোবর। ওই সম্মেলনে সভাপতি পদে বীর মুক্তিযোদ্ধা আশরাফ উদ্দিন খান, সাধারণ সম্পাদক পদে ডা. মো. আনোয়ারুল হক এবং সাংগঠনিক সম্পাদক পদে এস এম মনিরুজ্জামান দুদু নির্বাচিত হন। ২০১৬ সালের ৮ মার্চ কেন্দ্রীয় মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ১৯২ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটির অনুমোদন দেন।
২০১৯ সালের ৬ আগস্ট মেয়াদোত্তীর্ণ কমিটি বিলুপ্তি ঘোষণা করে ৬৭ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন করা হয়। এতে আহ্বায়ক হিসেবে ডা. মো. আনোয়ারুল হক এবং সদস্য সচিব হিসেবে ড. মোহাম্মদ রফিকুল ইসলাম হিলালী দায়িত্বে ছিলেন।এ পর্যন্ত জেলা বিএনপির কার্যক্রম আহ্বায়ক কমিটির অধীনে পরিচালিত হয়ে আসছিল।
প্রকাশক ও সম্পাদক : মোঃ মেহেদী হাসান, প্রধান উপদেষ্টা সম্পাদক : ম. কিবরিয়া চৌধুরী হেলিম, আইন উপদেষ্টা : এড. রোকন উদ্দিন, বার্তা সম্পাদক : সোহেল খান দূর্জয়, সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় : হাসপাতাল রোড, জয়নগর নেত্রকোনা। প্রয়োজনে : ০১৭৪২১৯৯১১১ ই-মেইল : mdmehedi101995@gmail.com
© ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত, ডেইলি নেত্র নিউজ